ইসরায়েলের পর আমিরাতে মিসাইল ও ড্রোন ছুড়ল ইরান


 




দখলদার ইসরায়েলের পর এবার সংযুক্ত আরব আমিরাতের দিকেও মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান—এমন তথ্য জানিয়েছে আমিরাতের কর্তৃপক্ষ। বাংলাদেশ সময় রোববার (৮ মার্চ) রাত প্রায় সোয়া ১২টার দিকে এ হামলার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় দেশটি।



সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া সম্ভাব্য ড্রোন ও মিসাইলের হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। আকাশপথে আসা এসব লক্ষ্যবস্তু শনাক্ত করে সেগুলো ভূপাতিত করার চেষ্টা চলছে বলেও জানানো হয়।



বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।



একই সঙ্গে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, মিসাইল বা ড্রোন প্রতিহত করার সময় আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে। এটি প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবেই ঘটতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই এ ধরনের শব্দ শুনে আতঙ্কিত না হয়ে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।



মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে বলে নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক নজর রাখছে এবং যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url