ঈদে বৃষ্টি না গরম—পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
পবিত্র ঈদুল ফিতর ঘিরে দেশে বৈরী আবহাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ ও ২১ মার্চ দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার (১৮ মার্চ) প্রকাশিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়। চাঁদ দেখার ওপর নির্ভর করে শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ) দেশে ঈদ উদযাপিত হবে।
আবহাওয়া অফিসের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের সময় দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বরিশাল ও খুলনা বিভাগের কিছু জায়গাতেও এমন আবহাওয়া দেখা যেতে পারে।
শনিবারও দেশের অধিকাংশ অঞ্চলে অনুরূপ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ সময় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে খোলা মাঠে ঈদের জামাত বা ভ্রমণ পরিকল্পনায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
