আলি লারিজানি নিহত, আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান


 



ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। মঙ্গলবার রাতে তার ওপর হামলা চালানো হয় এবং প্রথমে ইসরায়েলি সূত্রই মৃত্যুর দাবি জানায়। পরে বাংলাদেশ সময় বুধবার (১৮ মার্চ) রাত প্রায় ৩টার দিকে ইরান সরকারিভাবে লারিজানির নিহত হওয়ার খবর নিশ্চিত করে। এ ঘটনায় নিরাপত্তা কাউন্সিল এক শোকবার্তাও প্রকাশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, ইসলামি বিপ্লব ও দেশের অগ্রগতির জন্য সারাজীবন সংগ্রাম করে তিনি শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। লারিজানি দীর্ঘ রাজনৈতিক জীবনে পশ্চিমা বিশ্বের সঙ্গে পারমাণবিক আলোচনা, জাতীয় নিরাপত্তা ইস্যু এবং ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তাকে তেহরানে আল-কুদস দিবসের সমাবেশে দেখা গিয়েছিল।

ইসরায়েলি কর্মকর্তারা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এটিকে ইরানের শাসনব্যবস্থার সক্ষমতা দুর্বল করার কৌশল বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ধাপে ধাপে ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদের সুযোগ তৈরি করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর লারিজানি কার্যত দেশের নেতৃত্বে আসেন এবং চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url