ঈদের নামাজ কোথায় পড়বেন জামায়াত আমির? যা জানা গেলো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের জনগণের সঙ্গে আদায় করবেন। ঈদের দিন তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে নামাজে অংশ নেওয়ার পাশাপাশি নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা আদান-প্রদান করবেন। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের দিন সকালবেলার কর্মসূচি শেষে তিনি ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবেন। এ পর্বটি বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী এবং সমাজের নানা স্তরের প্রতিনিধিদের সঙ্গে পৃথক শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
উল্লেখিত সব কর্মসূচি বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন, মিন্টো রোডের ২৯ নম্বর বাসভবনে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। দলীয় সূত্র জানায়, ঈদ উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন জোরদার করতেই এ আয়োজন করা হয়েছে।
