‘কোটার’ পক্ষে অবস্থান নিচ্ছে সরকার: জামায়াত


 



বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, সরকার পরাজিত প্রার্থীদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে এক ধরনের কোটা নির্ভর নিয়োগ ব্যবস্থা চালু করছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, সম্প্রতি ১১টি সিটি করপোরেশন ও ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে অনেক ক্ষেত্রেই নির্বাচনে পরাজিত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মতে, এতে মেধা ও জনসমর্থনের পরিবর্তে দলীয় আনুগত্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

তিনি উদাহরণ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বিষয়টি তুলে ধরে বলেন, পরাজিতদের পুনর্বাসনের এ প্রবণতা জনমতের অবমূল্যায়ন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের পরও স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে এমন নিয়োগ প্রক্রিয়া চালানো প্রশ্নবিদ্ধ।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়েও সমালোচনা করা হয়। মাওলানা হালিম বলেন, মেধাভিত্তিক নিয়োগের পরিবর্তে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাচ্ছে।

সরকার যদি এ ধারা অব্যাহত রাখে, তাহলে রাজপথে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url