চীন নিয়ে স্পষ্ট বক্তব্য দিলেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, চীন কখনোই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দুস্থদের মাঝে ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান তার বক্তব্যে চীনকে বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, দেশটি দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রেখে আসছে। তিনি অভিযোগ করেন, কিছু দেশ বাংলাদেশকে তেমন কিছু না দিয়েও বিভিন্ন সময় অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে থাকে, কিন্তু চীন এ ধরনের আচরণ থেকে সবসময় বিরত থেকেছে।
তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে চীন বাংলাদেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখবে। দুই দেশের সম্পর্কের দীর্ঘ ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ১৯৭৬ সালে চীন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকেই পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়।
জামায়াত আমির আরও বলেন, চীনের সহায়তায় দেশে বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা বাংলাদেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
