ঈদের আগে বেতন-ভাতা নিয়ে সুখবর শিক্ষকদের
ঈদের আগমুহূর্তে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আশাব্যঞ্জক একটি প্রস্তাব এসেছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে পাঠানো এক আধা সরকারি চিঠিতে উৎসব ভাতা বাড়ানোর সুপারিশ করেছেন। বর্তমানে তারা মূল বেতনের ৫০ শতাংশ হারে ভাতা পেলেও সেটি বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
চিঠিতে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের সুযোগ-সুবিধা তুলনামূলক কম থাকায় জীবনযাত্রা ও সামাজিক অবস্থানে কিছুটা বৈষম্য তৈরি হয়েছে। এ অবস্থা কাটিয়ে উঠতে তাদের আর্থিক সুবিধা বাড়ানো জরুরি বলে তিনি মনে করেন।
তিনি আরও জানান, দেশে বর্তমানে প্রায় ৬ লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই অতিরিক্ত ১০ শতাংশ ভাতা বৃদ্ধি কার্যকর হলে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।
তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বছরে প্রায় ১৯০ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রায় ৯৫ কোটি ৮০ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ লাগবে। সব মিলিয়ে প্রায় ২৮৫ কোটি ৮০ লাখ টাকা প্রয়োজন হবে। এজন্য ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
