মাঠের জয় নয়, আদালতের রায়ে ট্রফি মরক্কোর
আফ্রিকা কাপ অব নেশন্সের চলতি আসরের ফাইনাল ঘিরে বিতর্কের নাটকীয় পরিণতি ঘটেছে আদালতের রায়ে। জানুয়ারিতে অনুষ্ঠিত ওই ম্যাচে সেনেগালকে বিজয়ী ঘোষণা করা হলেও মরক্কো ফলাফল মেনে নেয়নি এবং আইনি লড়াই শুরু করে। শেষ পর্যন্ত আপিল বোর্ড সেনেগালকে অযোগ্য ঘোষণা করে শিরোপা স্বাগতিক মরক্কোর হাতে তুলে দেয়। কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) জানায়, অতিরিক্ত সময়ে সেনেগালের ১–০ গোলের জয়কে নিয়মভঙ্গের কারণে মরক্কোর পক্ষে ৩–০ হিসেবে গণ্য করা হয়েছে।
১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে পেনাল্টি নিয়ে বিতর্কের জেরে সেনেগাল দল প্রায় ১৫ মিনিট মাঠের বাইরে অবস্থান নেয়। সমর্থকদেরও বিশৃঙ্খল আচরণ পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। পরে খেলা পুনরায় শুরু হলে মরক্কোর পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি, আর অতিরিক্ত সময়ে গোল করে সেনেগাল জয়ের পথে এগোয়। তবে এর আগে সেনেগালের একটি গোল বাতিল হওয়ায় উত্তেজনা চরমে পৌঁছেছিল।
ঘটনার পর সিএএফ জরিমানা ও নিষেধাজ্ঞা দিলেও ফলাফল অপরিবর্তিত ছিল। মরক্কান ফুটবল ফেডারেশন জানায়, তারা কেবল নিয়মের সঠিক প্রয়োগ চেয়েছিল। আপিলের রায়ে ১৯৭৬ সালের পর প্রথমবার শিরোপা পেল মরক্কো, আর সেনেগাল দ্বিতীয়বার জিতেও শিরোপা হারাল। তবে বিষয়টি এখনো আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গড়াতে পারে।
.jpg)