ভারতে যেভাবে গ্রেপ্তার হলেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, গোপন সূত্রে এসটিএফ জানতে পারে যে বাংলাদেশে খুন, চাঁদাবাজি ও অন্যান্য গুরুতর অপরাধের সঙ্গে জড়িত দুই বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা বর্তমানে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান করছে এবং সুযোগ পেলেই আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করতে পারে। এই তথ্যের ভিত্তিতে এসটিএফ দ্রুত একটি অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালীর বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)।
এসটিএফ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে ঢাকায় শরীফ ওসমান বিন হাদিকে হত্যার পর তারা পালিয়ে যায়। এরপর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। পরে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা সম্প্রতি বনগাঁ এলাকায় আসে। সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
