হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। রোববার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে এসটিএফ জানতে পারে যে বাংলাদেশে খুন, চাঁদাবাজিসহ একাধিক অপরাধের সঙ্গে জড়িত দুই বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান করছে এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে। এই তথ্যের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাহুল নামে পরিচিত ফয়সাল করিম মাসুদ (৩৭) পটুয়াখালীর বাসিন্দা এবং আলমগীর হোসেন (৩৪) ঢাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে ওসমান বিন হাদিকে হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। পরে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে তারা বনগাঁ এলাকায় আসে।
এসটিএফ জানায়, শনিবার (৭ মার্চ) রাতে তাদের বনগাঁ থেকে আটক করে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে তোলা হয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে রেখে তদন্ত চলছে। তবে পশ্চিমবঙ্গের কয়েকটি পুলিশ সূত্র ও স্থানীয় সাংবাদিকরা দাবি করেছেন, গত বছরের ২৯ ডিসেম্বরই তাদের গ্রেপ্তার করা হয়েছিল, যদিও বিষয়টি সম্প্রতি স্বীকার করা হয়েছে।
