গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তারের পর পশ্চিমবঙ্গ পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে শনিবার (৭ মার্চ) রাতে তাদের আটক করা হয়।
রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ জানতে পারে যে বাংলাদেশে খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত দুই বাংলাদেশি নাগরিক দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটুয়াখালীর বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ঢাকায় শরীফ ওসমান বিন হাদিকে হত্যার পর তারা পালিয়ে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর ভারতের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। পরে সুযোগ বুঝে আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনায় তারা বনগাঁ এলাকায় আসে।
এসটিএফ জানায়, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে তোলা হয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে রেখে বিষয়টি নিয়ে তদন্ত চালানো হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের কয়েকজন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের দাবি, গত বছরের ২৯ ডিসেম্বরই তাদের আটক করা হয়েছিল, যদিও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বাংলাদেশের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানান, তারা আগে থেকেই এই দুজনের গ্রেপ্তারের বিষয়ে কিছু তথ্য পেয়েছিলেন।
