ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে জামায়াত সেক্রেটারিসহ ৪ প্রার্থীর মামলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন একাধিক প্রার্থী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে নির্বাচনী আবেদন দায়ের করেছেন। একই ধরনের অভিযোগ এনে পৃথকভাবে আদালতের শরণাপন্ন হয়েছেন আরও কয়েকজন প্রার্থী।
ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম, বরগুনা-২ আসনের জামায়াত প্রার্থী ডা. সুলতান আহমেদ এবং পিরোজপুর-২ আসনের জামায়াত প্রার্থী শামীম সাঈদীও নির্বাচন নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলে ইলেকশন পিটিশন জমা দিয়েছেন। বুধবার (১১ মার্চ) এসব আবেদন হাইকোর্টে দাখিল করা হয়। আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে এসব মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে একই অভিযোগে আদালতে আবেদন করেছেন খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক। এছাড়াও বিএনপির আরও চারজন প্রার্থী ভোটে অনিয়মের অভিযোগ তুলে পৃথকভাবে মামলা করেছেন। তারা হলেন— গাইবান্ধা-৫ আসনের ফারুক আলম সরকার, ঢাকা-৫ আসনের নবী উল্লাহ নবী, পাবনা-৩ আসনের হাসান জাফির তুহিন এবং কুষ্টিয়া-৪ আসনের সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
আবেদনকারীরা অভিযোগ করেছেন, নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে অনিয়ম, ভোট জালিয়াতি ও ফলাফল প্রভাবিত করার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন।
