আসন নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য : জামায়াত আমির
বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহিংসা ও দুর্নীতি দূর না করা গেলে দেশ কাঙ্ক্ষিত অগ্রগতির পথে এগোতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিগত কয়েক দশকের মতো ভবিষ্যতেও উন্নয়নের লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে যদি রাজনীতিতে নৈতিকতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত না হয়। তার ভাষায়, তারা কেবল সংসদের আসনের জন্য রাজনীতি করেন না; বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড।
সোমবার (৯ মার্চ) জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত একটি ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন, এই মাস মানুষের আত্মশুদ্ধি ও ন্যায়বোধ জাগ্রত করার সুযোগ এনে দেয়।
ডা. শফিকুর রহমান বলেন, ১২ দলীয় জোট গঠনের সময় থেকেই তাদের লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। তিনি আশ্বাস দেন, দেশের মানুষের সঙ্গে তারা কখনো বিশ্বাসঘাতকতা করবেন না এবং কোনো স্বার্থ বা সুবিধার বিনিময়ে নীতির পথ থেকে সরে যাবেন না।
সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিনের বঞ্চনার পর তরুণ সমাজ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এগিয়ে এসেছে। সেই প্রত্যাশা পূরণে সবাইকে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান এবং বলেন, শিক্ষাঙ্গণসহ সর্বত্র যে নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে, তা কাটিয়ে উঠতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
