জুলাই গণঅভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি: নাহিদ


 





জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানই বর্তমান সরকারের বৈধতার প্রধান ভিত্তি। তার মতে, এই বৈধতা ‘জুলাই সনদ আদেশ’-এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যেন এ বাস্তবতাকে উপেক্ষা না করে।



সোমবার (৯ মার্চ) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



নাহিদ ইসলাম বলেন, যদি জাতীয় সংসদ পুরোনো সংবিধানের অজুহাত তুলে সংস্কার কার্যক্রম থেকে সরে দাঁড়ায় বা শপথ গ্রহণের বিষয়টি এড়িয়ে যায়, তাহলে দেশে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। এতে শুধু রাজনৈতিক অস্থিরতাই বাড়বে না, বরং জুলাই গণঅভ্যুত্থান, নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়তে পারে।



তিনি আরও বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা জুলাই আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য মানুষের আত্মত্যাগের প্রতি অবিচারের শামিল হবে। তাই দেশের রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে।



ইফতার অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতাদের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, যেভাবে এখানে ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে, ঠিক তেমনভাবেই সংসদেও ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি বলেন, জুলাই সনদের আলোকে এগিয়েই নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে আরও কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url