ক্রিকেটারদের সপরিবারে ঈদ উপহার দিবে বিসিবি
পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসায় দেশের ক্রিকেটাঙ্গনেও উৎসবের আমেজ তৈরি হয়েছে। এই আনন্দ আরও বাড়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ ঈদ উপহারের আয়োজন করেছে। শুধু খেলোয়াড়ই নন, তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফরাও এই উপহার পাবেন।
ঈদ উপলক্ষে উপহার দেওয়ার এই উদ্যোগটি বিসিবি প্রথম চালু করে গত ঈদুল ফিতরে। সে সময় মূলত ক্রিকেটারদের স্ত্রীদের জন্য সালোয়ার-কামিজ উপহার দেওয়া হয়েছিল। তবে এবার উদ্যোগটি আরও বিস্তৃত করা হয়েছে। জানা গেছে, গত এক বছরে জাতীয় দলের হয়ে অন্তত একটি ম্যাচ খেলেছেন এমন প্রায় ৩০ জন ক্রিকেটার এবং তাদের পরিবারের সদস্যদের জন্য উপহার পাঠানো হবে। পাশাপাশি জাতীয় দলের কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট ও টিম বয়দেরও এই তালিকায় রাখা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৫০ জন সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের পরিবারের জন্য এই আয়োজন করা হয়েছে।
ক্রিকেটারদের জন্য রাখা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় জে ডট ব্র্যান্ডের পাজামা-পাঞ্জাবি, আর তাদের স্ত্রীদের জন্য থাকবে একই ব্র্যান্ডের সালোয়ার-কামিজ। সন্তানদের জন্য থাকবে চকলেটের আকর্ষণীয় গিফট বক্স। পুরো উদ্যোগের জন্য প্রায় চার লাখ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, এই ধরনের উদ্যোগ ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ককে আরও উষ্ণ করে তোলে। বর্তমানে জাতীয় দলের ক্রিকেটাররা পাকিস্তান সিরিজ নিয়ে ব্যস্ত। সিরিজ শেষে ঈদের আগেই তারা পরিবারের কাছে ফিরবেন এবং এই উপহার তাদের উৎসবের আনন্দ আরও বাড়াবে।
