কোনো আলোচনা নয়, দীর্ঘ যুদ্ধের জন্য আমরা প্রস্তুত : ইরানি কর্মকর্তা


 




ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য তারা প্রস্তুত রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। দেশটির কৌশলগত পররাষ্ট্র সম্পর্ক পরিষদের প্রধান কামাল খাররাজি এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।



খাররাজির অভিযোগ, যুক্তরাষ্ট্র কূটনীতির ভাষা বোঝে না এবং আলোচনার পরিবেশ থাকা সত্ত্বেও তারা ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের ওপর সামরিক হামলা চালিয়েছে। তার দাবি, আলোচনার টেবিলে বসার সময়ই এ ধরনের আক্রমণ চালানো হয়েছে, যা কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি অবমাননা।


তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি রক্ষা করেন না বলে ইরানের আস্থা নষ্ট হয়েছে। এ কারণে বর্তমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সমাধানের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন তিনি।



খাররাজি সতর্ক করে বলেন, এই সংঘাত বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা রয়েছে। তার মতে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে উপসাগরীয় আরব দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের ওপর যুদ্ধ বন্ধের জন্য চাপ সৃষ্টি করতে পারে।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালায়। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url