পাল্টা হামলা চালালে বড় ক্ষতি হবে তেহরানের : সৌদি
ইরান যদি আরব দেশগুলোর ওপর হামলা অব্যাহত রাখে, তবে এর সবচেয়ে বড় মূল্য তেহরানকেই দিতে হবে—এমন কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। সোমবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে রিয়াদ এই বার্তা দেয় এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে।
সৌদি আরবের এই প্রতিক্রিয়ার পেছনে রয়েছে দেশটির গুরুত্বপূর্ণ শায়বা তেলক্ষেত্রে সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনা। এই হামলার পর থেকেই ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার। তাদের মতে, এমন হামলা শুধু সৌদি আরবের জন্য নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্যও হুমকি।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি দাবি করেছিলেন যে, ইরান উপসাগরীয় আরব দেশগুলোর ওপর হামলা বন্ধ করেছে। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে রিয়াদ।
বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্টের বক্তব্যের সময় কিংবা তার পরেও হামলা বন্ধ হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। বরং বিভিন্ন অজুহাতে ইরান তার আক্রমণাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ মনে করছে, এই ধরনের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে ভবিষ্যতে সৌদি আরব ও ইরানের পারস্পরিক সম্পর্কের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
