এবার খেজুর নিয়ে ইসলামী আন্দোলনের এমপির বার্তা


 



দেশজুড়ে আলোচিত ‘খেজুর ইস্যু’ নিয়ে অবশেষে বক্তব্য দিয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, খুব শিগগিরই খেজুর বিতরণের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। যারা যাচাই না করে সামাজিক মাধ্যমে অভিযোগ করছেন, তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। প্রয়োজনে আগে তার কাছ থেকে বিষয়টি জেনে নেওয়ার পর মন্তব্য করা উচিত ছিল বলেও তিনি উল্লেখ করেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে, তার এলাকায় বরাদ্দ দেওয়া খেজুর তিনি আত্মসাৎ করেছেন। এসব অভিযোগের প্রেক্ষিতেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন।

জানা যায়, সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’-এর পক্ষ থেকে বাংলাদেশকে উপহার হিসেবে ১২ হাজার ৫০০ কার্টন খেজুর দেওয়া হয়। পরে সংশোধিত বরাদ্দে মোট ১২ হাজার ২৫০ কার্টন বিভিন্ন জেলায় বিতরণের জন্য নির্ধারণ করা হয়। গত ১ মার্চ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জেলা প্রশাসকদের কাছে এসব খেজুর পাঠায়।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি জেলার জনসংখ্যা ও ইউনিয়নের সংখ্যা বিবেচনায় খেজুর বরাদ্দ নির্ধারণ করা হয়েছে এবং জেলা প্রশাসকদের মাধ্যমে তা বিতরণ করা হবে। সর্বশেষ তালিকায় দেশের প্রায় সব জেলাতেই নির্দিষ্ট সংখ্যক কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url