ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ
ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন সামরিক রিফুয়েলিং বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রু সদস্য নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে নিহতদের পরিচয় প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, এ দুর্ঘটনা শত্রুপক্ষের কোনো হামলার কারণে ঘটেনি। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পেন্টাগনের তথ্য অনুযায়ী নিহত মার্কিন সেনারা হলেন— জন ক্লিনার (৩৩), আরিয়ানা সাভিনো (৩১), অ্যাশলি প্রুইট (৩৪), সেথ কোভাল (৩৮), কার্টিস অ্যাংস্ট (৩০) এবং টাইলার সিমন্স (২৮)। তাদের মধ্যে জন ক্লিনার, আরিয়ানা সাভিনো ও অ্যাশলি প্রুইট যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য ছিলেন। অন্যদিকে সেথ কোভাল, কার্টিস অ্যাংস্ট এবং টাইলার সিমন্স যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের অনুকরণে তৈরি ‘লুকাস’ নামের ড্রোন ব্যবহার করে এ অঞ্চলে হামলা চালাচ্ছে। পরে এসব হামলার দায় ইরানের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছে তারা। এক বিবৃতিতে বলা হয়, তুরস্ক, কুয়েত ও ইরাকসহ প্রতিবেশী কয়েকটি দেশে সাম্প্রতিক হামলার ঘটনাগুলো এই কৌশলের উদাহরণ। এর মাধ্যমে ইরানের প্রতিরক্ষামূলক পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্কে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে বলে দাবি করা হয়েছে।
