ইরানকে ফাঁসাতে হামলায় ব্যবহার হচ্ছে নকল ড্রোন
সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। তবে তেহরান এ অভিযোগ সরাসরি অস্বীকার করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ইরানের দাবি, নকল ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে তার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের ড্রোন ব্যবহার করছে। এসব ড্রোন দিয়ে বিভিন্ন দেশে হামলা চালিয়ে পরে ইরানের সশস্ত্র বাহিনীকে দায়ী করা হচ্ছে বলে অভিযোগ করেছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়, তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর বিভিন্ন স্থাপনায় সাম্প্রতিক হামলার ঘটনাগুলো এ ধরনের কৌশলেরই অংশ। এর মাধ্যমে ইরানের প্রতিরক্ষামূলক ও বৈধ সামরিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্কে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে।
এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার একটি ঘটনা ঘটেছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় চালানো ওই হামলায় বিমানবন্দরের রাডার ব্যবস্থার একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি জানিয়েছেন, একাধিক ড্রোন বিমানবন্দরের রাডার সিস্টেমে আঘাত হানে। তবে হামলার পেছনে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
