মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিও বার্তা নেতানিয়াহুর
মৃত্যু নিয়ে নানা গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে না এসে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক মহলে সমালোচিত এই নেতা তার বার্তায় ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনা এবং সম্ভাব্য যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হয়েছে। তবে যুদ্ধ পরিচালনা করতে বিপুল অর্থের প্রয়োজন হবে বলেও তিনি উল্লেখ করেন।
নেতানিয়াহু জানান, সামরিক প্রস্তুতি জোরদার করতে সরকার একটি বিশেষ বাজেট অনুমোদনের পরিকল্পনা করছে। তার ভাষায়, এই যুদ্ধ চালিয়ে যেতে প্রতিরক্ষা খাতে কয়েক বিলিয়ন শেকেল অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হবে। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য এই অর্থ ব্যয় করা ছাড়া বিকল্প নেই।
এদিকে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ২ হাজার ৩৩৯ জন। এদের মধ্যে বর্তমানে ৯৫ জন হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, শুধু গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় নতুন করে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯১ জন। পরিস্থিতি এখনও উদ্বেগজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
