বাংলাদেশের বিপক্ষে আজ অভিষেক হচ্ছে যে ৩ পাক ক্রিকেটারের


 




বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে পাকিস্তান দলে নতুন মুখদের নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। এই সিরিজে পাকিস্তান দলে মোট ছয়জন ক্রিকেটার রয়েছেন, যারা এখনও ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। তবে প্রথম ম্যাচেই তাদের মধ্যে তিনজনকে মাঠে নামানো হচ্ছে বলে জানিয়েছেন অধিনায়ক শাহিন আফ্রিদি।

আজকের ম্যাচে পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে অভিষেক হচ্ছে সাহিবজাদা ফারহানের। টি–টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্স এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে ধারাবাহিক রান করার পুরস্কার হিসেবে তিনি দলে জায়গা পেয়েছেন। ইনিংসের শুরুতে তার সঙ্গী থাকবেন অলরাউন্ডার মাজ সাদাকাত। আর তিন নম্বর পজিশনে ব্যাট করবেন আরেক নতুন মুখ শামিল হুসাইন।

সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে শাহিন আফ্রিদি বলেন, নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া দলের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নতুনরা যেন নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী ভালো পারফরম্যান্স দেখাতে পারে। দলের পরিকল্পনা শুধু এই সিরিজ নয়, ভবিষ্যতেও তাদের পাকিস্তানের জার্সিতে নিয়মিত দেখা।

বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই দেখছেন পাকিস্তান অধিনায়ক। তার মতে, নিজেদের মাঠে বাংলাদেশ সবসময়ই কঠিন প্রতিদ্বন্দ্বী। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজকে হারানো এবং ঘরের মাঠে ধারাবাহিক ভালো পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে ভালো খেলায় পাকিস্তানও আত্মবিশ্বাসী এবং সেই ধারাবাহিকতা বজায় রাখাই তাদের লক্ষ্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url