যুক্তরাষ্ট্রের একমাত্র হুমকি ইরান, দাবি নেতানিয়াহুর
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, ইরান প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার লক্ষ্য ঘোষণা করেছে এবং সে উদ্দেশ্যে কাজ চালিয়ে যাচ্ছে। সোমবার (২ মার্চ) Fox News–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
নেতানিয়াহুর ভাষ্য, ইরান একমাত্র রাষ্ট্র যে সরাসরি যুক্তরাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক অবস্থান জানায় এবং তা বাস্তবায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। তার দাবি, তেহরান নতুন গোপন স্থাপনা ও ভূগর্ভস্থ বাঙ্কার নির্মাণ করছে, যাতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রম সম্ভাব্য হামলা থেকে সুরক্ষিত থাকে।
তিনি বলেন, সময়মতো পদক্ষেপ না নিলে ভবিষ্যতে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ নাও থাকতে পারত। তার মতে, ইরান যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে চাপ সৃষ্টি ও হুমকি দেওয়ার কৌশল নিয়েছে, তাই দ্রুত ও কঠোর সিদ্ধান্ত জরুরি হয়ে পড়ে।
ইসরাইলি প্রধানমন্ত্রীর দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুরু থেকেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার অঙ্গীকার করেছিলেন। আলোচনা ও সতর্কবার্তা সত্ত্বেও ইরান অবস্থান পরিবর্তন না করায় শেষ পর্যন্ত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নেতানিয়াহু আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইসরাইল জোট বর্তমানে অত্যন্ত সুদৃঢ় এবং উভয় দেশ সমন্বিতভাবে কাজ করছে, যাতে ইরান ভবিষ্যতে পারমাণবিক সক্ষমতা অর্জন করতে না পারে।
