ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর গরু বাজারে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস। স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশনায় এই আয়োজন করা হয় বলে জানা গেছে।
তবে অনুষ্ঠানের ব্যানারে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নাম না থাকা এবং তাকে আমন্ত্রণ না জানানোকে কেন্দ্র করে বিরোধ তৈরি হয়। ইফতার মাহফিল চলাকালে উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভুইয়া দীপু বক্তব্য দেন। তিনি দলের কিছু নেতাকর্মীর সমালোচনা করেন এবং মাদক ও অবৈধ ড্রেজারবিরোধী অভিযানের বিষয় তুলে ধরেন।
এর কিছুক্ষণ পর শরীফুল হক স্বপন তার সমর্থকদের নিয়ে অনুষ্ঠানে এসে আপত্তি জানান। ব্যানারে নাম না থাকা এবং অনেক নেতাকর্মীকে দাওয়াত না দেওয়ার বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং চেয়ার ও পানির বোতল ছোড়াছুড়ি শুরু হয়। এতে ইফতার মাহফিল পণ্ড হয়ে যায় এবং উপস্থিত লোকজন আতঙ্কে দ্রুত স্থান ত্যাগ করেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
