মধ্যপ্রাচ্যে ইরানের ৪০তম ধাপের হামলা
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে নতুন করে হামলার ৪০তম ধাপ শুরু করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, এই অভিযানে ইসরায়েল এবং অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’ এক বিবৃতিতে জানায়, হামলায় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মধ্যে কাদের, এমাদ, খেইবার শেকান এবং ফাত্তাহ উল্লেখযোগ্য।
ইরানের দাবি অনুযায়ী, এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেলআবিব, জেরুজালেম ও হাইফাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি জর্ডানের আল-আজরাক এবং সৌদি আরবের আল-খারজে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তবে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ জানিয়েছে, তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েকটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় গিয়ে পড়ে বলে জানানো হয়েছে।
অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সময়ে কুয়েতের সেনাবাহিনীও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় প্রস্তুত আছে। পরিস্থিতি ঘিরে পুরো অঞ্চলে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে।
